অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন উদ্ভাবিত ‘শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা’ বিষয়ক মতবিনিময় সভা আজমিরপুরে ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ের চেইনী হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে সভা শুরু হয়।
উদ্যোক্তাদের মতে, ৪০ দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা মিথ্যাচার থেকে বিরত থেকে সৎ ও নৈতিক কাজে অংশগ্রহণ করবে। কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও এনজিও ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দুর্নীতি ও অপরাধ কমার প্রত্যাশা থাকলেও বাস্তবে তা আগের মতোই রয়ে গেছে, বরং কোথাও কোথাও বেড়েছেও। এ প্রবণতার পেছনে অবাধ মিথ্যাচার, দেশপ্রেমের ঘাটতি এবং নৈতিকতা সংকট প্রধান কারণ।
তিনি আরও জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়িত হলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে কর্মসূচিটি নারায়ণগঞ্জের সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট কলেজিয়েট স্কুল ও চর ফলিমারি স্মৃতি রায় প্রাথমিক বিদ্যালয়ে চালু রয়েছে।
সভায় বক্তারা একে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ইউসেপ কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচিটি চালুর প্রস্তাব করা হয়। প্রধান অতিথি ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্যসচিব ড. মো. আবদুল করিম এ বিষয়ে বিবেচনার আশ্বাস দেন।
অধ্যাপক শারমিনা পারভিন সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যাম্বাসেডর ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাহ উদ্দীন আহমেদ।
অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা সোসাইটিজ অ্যাক্ট ১৮৬০ এবং এফডিএর অধীনে নিবন্ধিত। ‘নিজে সৎকাজ করি এবং অন্যকে সৎকাজে উদ্বুদ্ধ করি’—এই মূলমন্ত্রে প্রতিষ্ঠানটি কাজ করছে।